হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরের রাজৈর উপজেলার বড়ব্রীজ এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে লাবিবা পরিবহনের একটি ঢাকা-মুখী যাত্রীবাহী বাস ও বরিশালগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় পিকআপচালক ঘটনাস্থলেই নিহত হন। এতে বাসের বহু যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে দুই গাড়ির। সংঘর্ষে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং কিছু সময় পর যান চলাচল স্বাভাবিক করে।

