মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় মো. ওমর ফারুক তালুকদার (৪৪) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওমর ফারুক রাঙ্গামাটি পৌর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত আছেন।সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানা পুলিশের একটি দল ভেদভেদী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মো. ওমর ফারুক তালুকদার রাঙ্গামাটি কোতোয়ালী থানাধীন ভেদভেদী নতুন পাড়া (০৬নং ওয়ার্ড) এলাকার হাবিব তালুকদারের ছেলে। দলীয়ভাবে তিনি রাঙ্গামাটি পৌর শ্রমিক লীগের গুরুত্বপূর্ণ পদে আসীন।পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বের একটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা ছিল।
ওই মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আইনের আওতায় আনা হয়েছে।কোতোয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

