মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধিশিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে আগামী প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে আনন্দঘন পরিবেশে শনিবার রাঙ্গামাটির দারুল উলূম মাদ্রাসার নূরানি বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী এবং আকর্ষণীয় উপহার বিতরণ করা হয়।মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা শরীয়ত উল্লাহ সাহেব দা.বা. বক্তব্যে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া ও ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানের প্রকৃত শিক্ষায় অভিভাবকের ভূমিকা অনস্বীকার্য। মাদ্রাসার পাঠ্যক্রমের পাশাপাশি বাড়িতেও শিক্ষার্থীর প্রতি যথাযথ যত্ন ও দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।সমাবেশে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। বিশেষভাবে নূরানি বিভাগের শিক্ষার্থীরা উল্লসিত ছিলেন এবং কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী ও উপহার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং অভিভাবকেরাও সন্তানের শিক্ষাজীবনের প্রতি উৎসাহিত হয়েছেন।অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মাদ্রাসার শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

