মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাতে একটি মুরগিবাহী ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজন ভাসানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুল হোসেন কামরুল (২০) এবং অপরজন পুরোনো মোটরসাইকেল ব্যবসায়ী মো. ইয়াসিন (২৭)। দুর্ঘটনার সময় তারা একই মোটরসাইকেলে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, শনির আখড়া এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির মুরগিবাহী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।হাসপাতালের চিকিৎসক রাত আনুমানিক ১১টার দিকে খায়রুল হোসেন কামরুলকে মৃত ঘোষণা করেন।
এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মো. ইয়াসিনেরও মৃত্যু হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

