মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের পোশাক পরিহিত ডাকাতদের হাতে ১৪৫ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার মুন্সীগঞ্জ জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রামমুখী পরিবহনযোগে যাচ্ছিলেন স্বর্ণব্যবসায়ী দুই ভাই। পথিমধ্যে গজারিয়া থানার এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে একদল ডাকাত তাদের বাস থেকে নামিয়ে নোয়া মাইক্রোবাসে তোলে।
পরে তাদের চোখ বেঁধে মারধর করে মোট ১৪৫ ভরি ৮ আনা ৪ রতি স্বর্ণালংকার, নগদ টাকা, দুটি মোবাইল ফোন, দুইটি এটিএম কার্ড ও একটি এনআইডি কার্ড লুট করে।ঘটনার পর ডিবি পুলিশের অভিযানে সোমবার (৯ ডিসেম্বর) সকালে ডাকাতিতে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসের চালক মো. জাকির হোসেন, সাবেক পুলিশ কর্মকর্তা আকতারুজ্জামান মুন্সীসহ মোট চার জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের হেফাজত থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ, পুলিশ ইউনিফর্ম, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, লুট করা স্বর্ণের একটি অংশ রাজধানীর মিরপুর বড়বাগ এলাকার ‘ইসলাম জুয়েলার্স’-এ বিক্রি করা হয়। সেখান থেকে জুয়েলার্স মালিক মো. ইসমাইল হোসেনের কাছ থেকে ৬ ভরি ১৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।আটকদের মধ্যে রয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা আকতারুজ্জামান মুন্সী, কৃষক লীগ নেতা মো. রমজান আলী এবং একজন সাংবাদিক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুলিশ জানায়, অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় পলাতক থাকা আরেক অভিযুক্তকে গ্রেপ্তার এবং অবশিষ্ট লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

