হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির চার দিন পর চক্রের দুই সদস্যকে অটোরিকশাসহ আটক করে জনতা পুলিশের হাতে সোপর্দ করেছে। শনিবার (৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।গ্রেফতার ব্যক্তিরা হলেন—ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রাম গ্রামের মৃত আছমত মাতুব্বরের ছেলে মো. শাহিন মাতুব্বর (৪৫) এবং তার স্ত্রী একই গ্রামের জাহান বেপারীর মেয়ে লিপি আক্তার (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা চুরি হলে পুলিশ তদন্ত শুরু করে। পরে শনিবার স্থানীয় লোকজন সন্দেহজনক অবস্থায় দম্পতিকে অটোরিকশাসহ আটক করে। এ সময় তাদেরকে গণপিটুনি না দিয়ে সোপর্দ করা হয় পুলিশের কাছে।ওসি এহতেশামুল ইসলাম জানান, আটক দুজনকে থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

