মাদারীপুর জেলা প্রতিনিধি : হাবিবুর রহমান সুমন
মাদারীপুরের কালকিনি উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এনায়েতনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সিদ্দিক সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত মোহাম্মদ সিদ্দিক সরদার (৪৮) কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝের কান্দি গ্রামের মৃত খালেক সরদারের ছেলে। তিনি স্থানীয় ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মোহাম্মদ সিদ্দিক সরদারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা পূর্ব থেকেই রয়েছে।রবিবার (৯ নভেম্বর) বিকেলে বিশেষ অভিযানে পুলিশ তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, তাকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হবে।স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক প্রভাব হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন আইন-শৃঙ্খলা রক্ষায় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।

