হাবিবুর রহমান সুমন : মাদারীপুর জেলা প্রতিনিধি মাদারীপুর-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিলের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী-সমর্থকরা।
সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এই ঘোষণার প্রতিবাদে সোমবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানের সমর্থকরা খাগদীতে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন।বিক্ষোভকারীরা মাদারীপুর-২ আসনে ঘোষিত মনোনয়ন বাতিল করে ন্যায়সঙ্গত প্রার্থী ঘোষণা করার দাবী জানান। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে।

