হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর ) মাদারীপুর শহরের নিরাময় হাসপাতালের সামনের ওষুধের দোকানগুলোতে অভিযান চালানো হয়েছে। এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর জেলার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।অভিযানকালে একাধিক দোকানে বিপুল পরিমাণ মেয়াদউত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসীকে জরিমানা করা হয়।মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে দোকানে রাখার অপরাধে নিরাময় ড্রাগ হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।একই অভিযোগে, হাওলাদার মেডিসিন কর্নারকে ৩ হাজার টাকা এবং মনোয়ারা ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনটি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

