হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাতলামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর ও নগদ এক লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম আলতাফুর রহমান । তিনি বর্তমানে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে কাতলামারী এলাকায়।আহত আলতাফুর রহমান অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আদম মন্ডল ও তার পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার দিন সকালে তিনি চাষাবাদের জমি দেখতে গেলে পূর্ব থেকে ওতপেতে থাকা আদম মন্ডল, শামছুল মন্ডল, নুরল মন্ডল, ওয়াসকুরুনী, রাব্বি, রাকিব ও আরিফ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর পথরোধ করে।অভিযোগে বলা হয়, আদম মন্ডলের নির্দেশে তারা সবাই মিলে আলতাফুরকে মারধর শুরু করে। আদম মন্ডলের হাতে থাকা লোহার শাবলের আঘাতে তাঁর ডান হাতে হাড়ভাঙা জখম হয়। ওয়াসকুরুনীর হাতে থাকা ডেগারের কোপে তাঁর বাম হাত ও কনুইতে কাটা রক্তাক্ত জখম হয়।তিনি মাটিতে পড়ে গেলে ওয়াসকুরুনী তাঁর লুঙ্গির কোচায় থাকা এক লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।এ ছাড়া শামছুল মন্ডল লাঠির আঘাতে তাঁর ডান পায়ে জখম করে এবং রাব্বি, রাকিব ও আরিফ এলোপাতাড়ি লাঠিপেটা করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।আলতাফুর রহমানের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।ঘটনার বিষয়ে আলতাফুর রহমানের পরিবারের পক্ষ থেকে মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সাতজনকে আসামি করা হয়েছে।মাদারগঞ্জ থানার ওসি বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

