মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শিয়ালের কামড়ে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে আশিদ্রোন ও সিন্দুরখান ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে।আহতদের পরিচয় পাওয়া গেছে শংকরসেনা গ্রামের আমেনা বেগম ৩০, নুরে আলম ফেরদাউস ১৩, মামুন মিয়া ২৫, রাহিদ মিয়া ১০, রেহেনা আক্তার ২০, হোসাইন আহমদ ১৩, সুমন মিয়া ২৩, আতিকুল ২১, নাঈম মিয়া ১৭, ফটকি গ্রামের নাজমা বেগম ৪০, লুবনা বেগম ১৬ এবং সাইটুলা গ্রামের রনি কুর্মি ২১।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের দ্রুত হাসপাতালে এনে এন্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাদের বাড়িতে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী মো. এমরান হোসেন জানান, বিকেল থেকে রাত পর্যন্ত গ্রামে চলাচলের সময় হঠাৎ একটি শিয়াল পথচারীদের ওপর আক্রমণ করে কামড়ে দেয়। শিয়ালটির আচরণ অস্বাভাবিক ছিল এবং কেউ তাড়াতে গেলে সেটির সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে শিয়ালটি পালিয়ে যায়।আহত মামুন মিয়া বলেন, আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটি শিয়াল এসে পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই আরও কয়েকজনকে কামড় দেয়।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, মোট ১২ জন রোগী হাসপাতালে আসে। সবার চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। আপাতত তাদের অবস্থা স্থিতিশীল।স্থানীয়রা জানিয়েছেন, শিয়ালের এই আচরণ জলাতঙ্ক বা রোগাক্রান্ত হওয়ার লক্ষণ হতে পারে। স্থানীয় প্রশাসনের প্রতি তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে আরও কেউ আক্রান্ত না হয় এবং শিয়ালটি শনাক্ত করা যায়।
রাহি ইসলাম সহকারী প্রতিবেদক মৌলভীবাজার জেলা

