মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার শুঁটকি পট্টি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে এক কিশোর গুরুতর আহত হয়েছে।ঘটনাটি ঘটে আজ শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে। স্থানীয় সূত্রে জানা যায়, রিজার্ভ বাজার শুঁটকি পট্টি এলাকায় খেলাধুলার সময় একটি ব্যাডমিন্টন কক বিদ্যুতের লাইনের তারে আটকে যায়।
পরে ককটি নামানোর চেষ্টা করতে গিয়ে একটি লোহার রড দিয়ে বিদ্যুতের তারে স্পর্শ করলে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটে।এতে কিশোরটি গুরুতরভাবে আহত হয়।
বিষয়টি দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহত ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা যায় তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার রিজাব বাজারের শুটকি পট্টি এলাকার সুজিত দাস এর পুত্র দুর্জয় দাস, বয়স ১২ বছর।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঝুলে থাকা বিদ্যুতের তার দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে।

