মোঃ ইমরান হোসাইন বাউফল উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বাজারের অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
বাজারে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

