সর্বশেষ
এপ্রিল ১১, ২০২৬

নির্বাচনী মাঠে সক্রিয় রাজনীতি: মাজার জিয়ারত ও জনসমাবেশে শুরু ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে আজ। দেশের রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করে বিভিন্ন দল মাজার জিয়ারত, শহীদদের কবর ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রচারে নেমেছে। পাশাপাশি সরাসরি ভোটারদের কাছে পৌঁছাতে জনসমাবেশ ও গণসংযোগেও অংশ নিচ্ছেন নেতারা।

অতীতের ধারাবাহিকতায় বিএনপি তাদের নির্বাচনী প্রচার শুরু করেছে সিলেট থেকে। দলের চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেটসহ মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে ধারাবাহিক জনসমাবেশে অংশ নিচ্ছেন। দিনব্যাপী এই কর্মসূচি শেষে তিনি রাতে ঢাকায় ফিরবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। একই সঙ্গে প্রচারের প্রথম দিনেই বিএনপি তাদের নির্বাচনী ‘থিম সং’ উন্মোচন করেছে।জামায়াতে ইসলামীর প্রচার কার্যক্রম শুরু হচ্ছে ঢাকা থেকে। ঢাকা-১৫ আসনের প্রার্থী ও দলের আমির ডা. শফিকুর রহমান আজ রাজধানীর মিরপুরে জনসভায় অংশ নিচ্ছেন।

আগামীকাল তিনি উত্তরাঞ্চল সফরে গিয়ে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধায় ধারাবাহিক সমাবেশ করবেন।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজধানীর তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করেছে। তিন নেতার মাজার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রায় দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।এদিকে ১০ দলীয় জোটের অন্যান্য প্রার্থী নিজ নিজ আসন থেকে প্রচার শুরু করেছেন।

অন্যদিকে বামপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত যুক্তফ্রন্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নির্বাচনী প্রচার শুরু করে জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছে।জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে শাহ কারামত আলী জৌনপুরীর মাজার ও এইচএম এরশাদের কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন ও জেএসডির প্রার্থীরাও নিজ নিজ কর্মসূচির মধ্য দিয়ে মাঠে নেমেছেন।ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, তাদের প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ নির্বাচনী এলাকা থেকেই প্রচার কার্যক্রম শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *