দীর্ঘদিনের দলীয় কোন্দলের চিরাচরিত দৃশ্যকে পেছনে ফেলে এক বিরল ঐক্যের নজির স্থাপন করলেন মৌলভীবাজার জেলার জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশীরা। গত মঙ্গলবার (২১ অক্টোবর, ২০২৫) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে সাক্ষাৎকালে এই ইতিবাচক বার্তা দিলেন তাঁরা।সাক্ষাৎ শেষে সকল মনোনয়ন প্রত্যাশীকে একসাথে ক্যামেরাবন্দী হতে দেখা যায়, যা দলীয় অঙ্গনে ‘অত্যন্ত বিরল দৃশ্য’ হিসেবে বিবেচিত হচ্ছে। এই যৌথ ছবি তোলার দৃশ্যটি দলীয় কোন্দল ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার এক শক্তিশালী এবং ইতিবাচক বার্তা বহন করে।মহাসচিবের সাথে সাক্ষাতের সময় মৌলভীবাজার জেলার যেসব মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: জনাব আবেদ রাজা, জনাব মেয়াজ্জেম হোসেন মাতুক, জনাব জাকির হোসেন উজ্জ্বল, জনাব শরিফুল ইসলাম সাজু, জনাব নাছির উদ্দিন মিঠু, জনাব মিজানুর রহমান মিজান, জনাব নাসির আহমদ শাহীন, জনাব মহসিন মিয়া মধু এবং জনাব মুজিবুর রহমান মুজিবসহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা।এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব জিকে গৌছ এবং সহ-সাংগঠনিক সম্পাদক জনাব কলিমউদ্দিন মিলন সহ অন্যান্য বিভাগীয় নেতৃবৃন্দ।বিশেষত, জনাব জাকির হোসেন উজ্জ্বল এবং জনাব নাসির আহমদ শাহীন সহ সকল প্রার্থীর একসাথে হাসিমুখে ছবি তোলার দৃশ্যটি দলের তৃণমূল কর্মীদের মাঝে আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে চলা অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসানের ইঙ্গিতবাহী এই দৃশ্যকে কেন্দ্র করে জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে ঐক্যের সুর বাজছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।মনোনয়ন প্রত্যাশীদের এই সম্মিলিত প্রয়াস নিঃসন্দেহে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় শক্তিকে সুসংহত করবে এবং কেন্দ্রকে একটি ইতিবাচক বার্তা দেবে।

