মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন মুক্ত হয়েছে। সেই আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে নির্মম ভাবে খুন করা হয়েছে। আমরা দেশের সব মানুষ অবশ্যই সেই খুনের উপযুক্ত বিচার চাই। তাদের রক্তের বিনিময়েই আজ দেশের মানুষ ২০ বছর পর ভোট দেয়ার সুযোগ পেয়েছে। আর মাত্র কয়েকদিন পর সেই কাংখিত নির্বাচন।
এখন ভোটের আগ মুহুর্তে সেই বিচারের দাবীতে যমুনা ও শাহবাগে এভাবে অবস্থান নেয়ায় ফ্যাসীবাদী সুযোগ সন্ধানীরা সুযোগ নেয়ার চেষ্টা করেছে। সবাইকে মনে রাখতে হবে দেশকে অস্থিতিশীল করে একটি পক্ষ নির্বাচন বানচাল করে দিতে চায়। সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। কোন ভাবেই কাংখিত এই নির্বাচন যেন সংকটে না পড়ে, বাঁধাগ্রস্থ না হয়। একটি মহল কোন ভাবেই এদেশে নির্বাচন হোক তা চায় না। তারা চায় না পরিস্থিতি স্বাভাবিক হোক, আমাদের জন্মভুমি এগিয়ে যাক। তাদের বিষয়ে আমাদের সকলকে সাবধান হতে হবে।
তিনি শনিবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। বনপাড়া পৌর বিএনপির সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ, দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক যথাক্রমে ওমর আলী শেখ ও অধ্যক্ষ আশরাফ আলী, সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা ও বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু বক্তব্য রাখেন।
সভায় দুলু আগামী চারদিন বিএনপির সব নেতাকর্মীকে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিটি পাড়া মহল্লায় দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের কাছে তারেক রহমানের সালাম পৌঁছে দেয়ার আহবান জানান।

