জুলাই আন্দোলনের অগ্রসেনানী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।সোমবার ৩ নভেম্বর দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি বলেন রাজনৈতিক মতামত আদানপ্রদান গণতান্ত্রিক চর্চার অংশ। জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করা দুঃখজনক। তিনি আরো বলেন রাজনীতিতে বিভিন্ন বক্তব্য ও মতের ভিন্নতা থাকে এটাই রাজনীতির সৌন্দর্য। কিন্তু রাজনৈতিক মন্তব্যের জন্য মামলা করা গণতন্ত্রকেই প্রশ্নবিদ্ধ করে।মাওলানা গাজী আতাউর রহমান বলেন মামলাকারী নিজেও অতীতে ভিন্নমতের নেতাদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন তবুও আমরা মামলা করি নাই বরং রাজনৈতিক প্রতিবাদ জানিয়েছি। এখন যেভাবে মামলা সংস্কৃতি চালু করা হচ্ছে তা দেশের রাজনীতিকে নোংরা দিকে ঠেলে দিচ্ছে।তিনি বিএনপি নেতৃত্বের প্রতি মামলাটি দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন অবিলম্বে মামলা প্রত্যাহার করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে অন্যথায় রাজনৈতিক অস্থিরতার দায় তাদের বহন করতে হবে।

