সর্বশেষ
মার্চ ৯, ২০২৬

নারীর হাতে অর্থনৈতিক নিরাপত্তা: শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার কড়াইল বস্তিতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসূচিটি বাস্তবায়ন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার।

ধাপে ধাপে দেশের প্রায় ৪ কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন ২০২৬’ অনুযায়ী, প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৪টি উপজেলার একটি ইউনিয়নের একটি করে ওয়ার্ডে প্রায় ৬ হাজার ৫০০ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। চার মাসের পরীক্ষামূলক কার্যক্রম শেষে পর্যায়ক্রমে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, কার্ডের অর্থ সরাসরি পরিবারের গৃহকর্ত্রীর হাতে দেওয়া হবে, যাতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হয়। কর্মসূচির আওতায় কার্ডধারী প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা পাবে। মার্চ মাস থেকেই প্রতি মাসে প্রায় ১০ হাজার পরিবারকে এই কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।সরকারি সূত্র জানায়, চার মাসের পাইলট পর্যায়ে অন্তত ৪০ হাজার পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ জন্য প্রাথমিকভাবে প্রায় ৩৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার একটি বড় অংশ সরাসরি ভাতা হিসেবে বিতরণ করা হবে।নির্দেশিকা অনুযায়ী, ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী এবং হিজড়া, বেদে ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মতো প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে সুবিধাভোগী নির্বাচন করা হবে। ডিজিটাল ডেটাবেজের মাধ্যমে তথ্য যাচাই করে স্বচ্ছতার সঙ্গে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *