সর্বশেষ
মার্চ ৫, ২০২৬

দুবাই থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট, ফিরলেন আটকে পড়া ১৮৯ বাংলাদেশি।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত থাকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ইউএস বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা চট্টগ্রাম আবুধাবী ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। পরে রাত ৮টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবীর উদ্দেশ্যে উড্ডয়ন করে। একই উড়োজাহাজ আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আজ সকালে ঢাকায় পৌঁছে।

১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে বিশেষ এই ফ্লাইটটি পরিচালিত হয়। ঢাকা চট্টগ্রাম আবুধাবী রুটের ফ্লাইট নম্বর ছিল বিএস-৩৪৯ এবং আবুধাবী ঢাকা রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৫০।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিস্থিতি বিবেচনায় আবুধাবী বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইনস ও ইত্তেহাদসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

এছাড়া যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। টিকিট সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস বাংলা এয়ারলাইনসের সেলস সেন্টার বা নিকটস্থ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *