মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ৩০০ আসনের জন্য প্রাথমিকভাবে ঘোষিত ২৭২ আসনের তালিকা থেকে কিছু প্রার্থী বাদ পড়তে পারেন।
পাশাপাশি আওয়ামী লীগ শাসনামলে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্যও আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে দলটি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, মাঠপর্যায়ের একাধিক জরিপ ও সাংগঠনিক মতামতের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে।
তবে এটি এখনো চূড়ান্ত নয়; প্রয়োজন হলে পরিবর্তন আনা হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, প্রার্থী বাছাই নিয়ে কোনো অভ্যন্তরীণ কোন্দল বরদাশত করা হবে না এবং ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে।সূত্র জানায়, প্রাথমিক ২৭২ আসনে দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও তিন দিনের কর্মশালা গত শনিবার শেষ হয়েছে।
এ কর্মশালায় যাঁদের ডাকা হয়েছে, তাঁদের প্রার্থিতা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে যাঁদের আমন্ত্রণ জানানো হয়নি, সেসব আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত মিলছে।বাগেরহাট জেলার চারটি আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বাগেরহাট-১ আসনে বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব ও মতুয়া সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল এবং বাগেরহাট-৪ আসনে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে ধানের শীষের প্রার্থী হচ্ছেন।
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে মনোনয়ন পাচ্ছেন জেলা বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন।চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী পরিবর্তন করে কাজী সালাউদ্দিনের বদলে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক তিন জোটের পাঁচজন শীর্ষস্থানীয় নেতার আসন নিশ্চিত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬) এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক (ঢাকা-১২)।
শরিকদের আসন সমঝোতা নিয়ে দুই-তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।দলীয় সূত্র আরও জানায়, ২৮টি ফাঁকা আসনের মধ্যে লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম এবং লক্ষ্মীপুর-৪ আসনে আশরাফ উদ্দিন নিজানকে ডাকা হয়েছে। তাঁরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। বাকি আসনগুলোর কিছু শরিক দল ও কিছু মিত্রদের জন্য রাখা হয়েছে।
সবশেষে জানা গেছে, প্রার্থী তালিকার চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই রয়েছে। রোববার রাতে জাতীয় স্থায়ী কমিটির পরামর্শে তালিকা চূড়ান্ত হতে পারে এবং আজ অথবা আগামীকাল আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে।

