মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
ঢাকাকে একটি নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১৭, ১৬, ১৫, ১৪, ১২ ও ১১ আসনে একাধিক পথসভায় অংশ নেন তারেক রহমান।
আজ সোমবার ঢাকায় দ্বিতীয় দিনের মতো আরও আটটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি আসন্ন নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি, যা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত হবে।গতকাল তারেক রহমানের পথসভাগুলোতে লাখো কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে। নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ইসিবি চত্বরে প্রথম পথসভায় বক্তব্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।
গুলশানের বাসভবন থেকে ইসিবি চত্বর পর্যন্ত পৌঁছাতে কর্মী-সমর্থকদের ভালোবাসা ও ভিড়ের কারণে প্রায় দুই ঘণ্টা সময় লাগে তার। বিকাল পৌনে চারটার দিকে তিনি সেখানে পৌঁছে নিজেকে ওই এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।তিনি বলেন, “আমি এই এলাকার সন্তান। এখানেই আমার শৈশব কেটেছে, এখানেই আমাদের পরিবার বেড়ে উঠেছে। তাই এলাকার মুরব্বি, মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষের জন্য বিনীতভাবে ভোট চাইছি।”ঢাকার উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নগরীতে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ঢাকা শহরকে এমনভাবে গড়ে তোলা হবে, যেখানে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে, শিশু-কিশোরেরা খেলাধুলার সুযোগ পাবে এবং বয়স্করা স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারবেন।
একই সঙ্গে ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন সড়ক পর্যন্ত এলাকাকে নাগরিকবান্ধব করার প্রতিশ্রুতিও দেন তিনি।পরবর্তীতে ঢাকা-১৬ আসনের পল্লবীর লাল মাঠে পথসভায় অংশ নিয়ে তিনি বিএনপির প্রার্থী আমিনুল হকের পক্ষে ভোট চান এবং বলেন, এবারের নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচনের জন্য নয়, বরং দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হতে হবে।ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ এলাকায় অনুষ্ঠিত পথসভায় তিনি শফিকুল ইসলাম মিল্টনকে পরিচয় করিয়ে দিয়ে জনগণের পরিকল্পনার কথা জানতে চান।
উপস্থিত জনতা সমস্বরে ধানের শীষের পক্ষে স্লোগান দেয়।এছাড়া ঢাকা-১৪ আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অতীতের গুম, খুন ও নির্যাতনের ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, এসব ঘটনার বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিতে হবে।
শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনের প্রার্থী ববি হাজ্জাজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল হক এবং সবশেষে সাঁতারকুল স্যানভ্যালি মাঠে ঢাকা-১১ আসনের প্রার্থী এমএ কাইয়ুমকে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান।
প্রতিটি পথসভায় তিনি জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।তারেক রহমান বলেন, বিএনপি এমন প্রতিশ্রুতি দেবে না, যা বাস্তবায়ন অসম্ভব। বরং জনগণের সামর্থ্য ও বাস্তবতার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

