মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) তারা আবারও সড়ক অবরোধসহ ব্লকেড কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছেন।রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নেন।
যদিও জনদুর্ভোগ বিবেচনায় তারা পরে অবরোধ তুলে নেন, তবে স্পষ্ট ঘোষণা দেন অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। রাতেও তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি বজায় রাখেন।শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিনের দাবি জানানো সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যকর কোনো অগ্রগতি নেই। এতে দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট, পাঠদান জটিলতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন। এজন্য তারা সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচি ও ঘেরাওসহ ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেন।যদিও শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রকাশ করেছে, চূড়ান্ত অধ্যাদেশ জারি দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। শিক্ষার্থীদের দাবি, এই বিলম্বের ফলে বিশ্ববিদ্যালয়ের পরিচয় সংকট ও একাডেমিক অচলাবস্থা আরও গভীর হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত দেয় এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করে।

