মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি ও হাঁসাড়া ওমপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে দোগাছি এলাকায় মাওয়ামুখী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্সের সামনে হঠাৎ এক পথচারী চলে এলে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এর আগে রাত সাড়ে ৭টার দিকে হাঁসাড়া ওমপাড়ায় এক্সপ্রেসওয়ের লেনে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আরও এক পথচারীর মৃত্যু হয়।খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।”হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, “শনিবার রাতে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন পুরুষ পথচারী নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘাতক অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে কিছুক্ষণ যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

