মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের নয়না গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে পেঁপে ও কলা বাগানে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এক কৃষক।সরেজমিনে গিয়ে দেখা যায়, নয়না গ্রামের মৃত আব্দুল মান্নান মাদবরের সন্তানদের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে চানমিয়া মাদবরের লাগানো পেঁপে চারা ও কলা বাগানের অসংখ্য গাছ কেটে জমিতে ফেলে রাখা হয়েছে।
ভুক্তভোগী চানমিয়া মাদবর অভিযোগ করে বলেন, তার ছোট ভাই সুলতান মাদবর নিজের জমি বিক্রি করে ভোগ করে ফেলেছেন। এখন তিনি চানমিয়ার ভোগদখলীয় জমিকে নিজের দাবি করে রাতের আঁধারে পেঁপে ও কলা গাছ কেটে ক্ষতি করেছেন।চানমিয়া মাদবর আরও অভিযোগ করেন, সুলতান মাদবর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থেকে অন্যের ক্ষয়ক্ষতি করে আসছেন।
এলাকাবাসী জানান, ভাইদের মধ্যে জমি বণ্টনের পর প্রায় ১২ বছর ধরে ওই জমিটি চানমিয়া মাদবর শান্তিপূর্ণভাবে ভোগদখলে রেখে আসছেন। সম্প্রতি সুলতান মাদবর ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত হওয়ায় এলাকায় প্রায়ই ঝামেলা সৃষ্টি হয়।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

