মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের সময়সূচি স্থগিত করা হয়েছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের জরুরি শেরপুর সফরের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল শনিবার রাতে জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, আজ রোববার দলটির ইশতেহার প্রকাশের পরিকল্পনা ছিল, তবে অনিবার্য কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ডা. শফিকুর রহমান শেরপুরের শ্রীবরদীতে শহীদ রেজাউল করিমের পরিবারকে সাক্ষাৎ করবেন এবং তার কবর জিয়ারত করবেন।
এরপর তিনি শেরপুর জেলা শহরে বেলা সাড়ে ১১টায় এবং জামালপুরে দুপুর সাড়ে ১২টায় পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।দিনের শেষ ভাগে তিনি ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

