মাহিন আহমেদ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কটিয়াদী উপজেলার চাঁনপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো.বজলুর রহমান (৬০)। তিনি মন্ডলভোগ এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে পিতা বজলুর রহমানের সাথে তার ছেলে অটোরিকশাচালক জুবায়েরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জুবায়ের তার বাবাকে ছুরিকাঘাত করে এবং তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পালিয়ে যাওয়া অভিযুক্ত জুবায়েরকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে কটিয়াদী থানা পুলিশ।এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, ঘটনাটি পারিবারিক কলহের জের থেকেই ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

