মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় নিভে গেল জুলফিকার আলী জিল্লু নামের এক যুবক নিহত হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার গড়মাটি কলোনি এলাকায় নাটোর – পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত জুলফিকার আলী (২৯) পাবনার দাশুড়িয়া এলাকার নওপাড়া গ্রামের বাসিন্দা আনসারুল হকের ছেলে।
তিনি পেশায় একজন প্রকৌশলী ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ জুলফিকারের গায়ে হলুদ ছিল। সোমবার বিয়ের অনুষ্ঠান। বিয়ে উপলক্ষে বোন ভগ্নিপতিকে বনপাড়া থেকে আনতে জুলফিকার বাড়ি থেকে প্রাইভেটকার নিয়ে রওনা হন। বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই জুলফিকার নিহত হন।বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

