মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে জয় সরকার (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত জয় একই গ্রামের জামাল সরকারের ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামাল সরকারের পরিবারের সঙ্গে মো. হাসান ওরফে বেকু হাসান, নান্নু ও লালুদের বিরোধ চলছিল।
এ নিয়ে একাধিকবার হামলা-মারামারির ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত আটটার দিকে হাসানের নেতৃত্বে কয়েকজন জয় সরকারকে লক্ষ্য করে হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে জয়কে কুপিয়ে গুরুতর জখম করে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা জয়কে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নূরে আলম জিকু জানান, রাত নয়টার দিকে জয়কে হাসপাতালে আনা হয়। চিকিৎসার আগেই তাঁর মৃত্যু ঘটে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
নিহতের বাবা জামাল সরকার বলেন, “তিন বছর আগে হাসান-লালুরা আমার পা ভেঙে দিয়েছিল। চলতি বছরের ১১ মে তাদের নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। এর আগেও ২০২৪ সালের ৭ অক্টোবর বাউলগানের আসরে হামলা চালিয়ে আমাদের পক্ষের একজনের কবজি বিচ্ছিন্ন করেছিল। এবার আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি বিচার চাই।”গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ববিরোধের জেরে জয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।
এতে নৌডাকাত নয়ন-পিয়াসসহ লালু, হাসান ও তাদের সহযোগীরা জড়িত। তারা নয়ন-পিয়াস বাহিনীর সদস্য, যাদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে যৌথ অভিযান চালানো হবে।”

