মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন গজারিয়ার উদ্যোগে মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর–বাউশিয়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে প্রায় ৪৩ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৬ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাটকা পাওয়া যায়।
এ সময় ট্রাক চালক ও হেল্পারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।পরে জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরিব-দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ জাটকা আহরণ ও পরিবহন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

