মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন গজারিয়া মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে।শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ৫টার দিকে পরিচালিত ওই অভিযানে একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে প্রায় ১২ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
অভিযানের সময় ট্রাক চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এবং গরিব-দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।কর্তৃপক্ষ আরও জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও জাটকা নিধন বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

