জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় সভায় মিলিত হয়েছেন। তিনি কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সমাজের সাথে মতবিনিময় করেন।রবিবার বেলা ১২টায় কমলগঞ্জ প্রেসক্লাব হল রুমে এই গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব তাঁর বক্তব্যে স্থানীয় সংবাদ মাধ্যমের অপরিহার্য গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকদের প্রতি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিক সমাজ এই অঞ্চলের সার্বিক উন্নয়নে, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, যদি তিনি নির্বাচিত হন, তবে তিনি কমলগঞ্জে একটি সাংবাদিকবান্ধব পরিবেশ তৈরি করতে অগ্রাধিকার দেবেন এবং এলাকার সমস্যা সমাধানে সাংবাদিকদের সুচিন্তিত মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হোসেন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক সমাজের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি ছিল। সাংবাদিকবৃন্দ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ, যারা হাজী মুজিবের এই উদ্যোগকে স্বাগত জানান।

