ডেক্স রিপোর্ট, newsbd24live:
ওয়াশিংটন ডিসি: দীর্ঘ টালবাহানা আর আইনি লড়াইয়ের পর অবশেষে জেফরি এপস্টাইন সংক্রান্ত তদন্তে নতি স্বীকার করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। কংগ্রেসের অবমাননা ভোট এড়াতে এবং সম্ভাব্য আইনি জটিলতা থেকে বাঁচতে তারা সশরীরে জবানবন্দি দিতে রাজি হয়েছেন। আজ মঙ্গলবার হাউস ওভারসাইট কমিটির তদন্ত প্রক্রিয়ায় তারা এই সম্মতি জানান।
এর আগে ক্লিনটন দম্পতির আইনজীবীরা তদন্ত কমিটির চেয়ারম্যান জেমস কোমারের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন। সেখানে বিল ক্লিনটনের জন্য চার ঘণ্টার একটি সীমিত সময়ের সাক্ষাৎকার এবং হিলারি ক্লিনটনের জন্য লিখিত হলফনামার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে রিপাবলিকান নেতৃত্বাধীন কমিটি সেই প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে সরাসরি প্রত্যাখ্যান করে। চেয়ারম্যান কোমার সাফ জানিয়ে দেন যে, ক্লিনটনদের জন্য কোনো বিশেষ সুবিধার সুযোগ নেই।
তদন্ত কমিটির কঠোর অবস্থানের মুখে শেষ মুহূর্তে বিল ও হিলারি ক্লিনটন ওয়াশিংটন ডিসিতে সশরীরে হাজির হয়ে শপথপূর্বক জবানবন্দি দিতে সম্মত হন। কমিটির চেয়ারম্যান জেমস কোমার এক বিবৃতিতে বলেন, ক্লিনটনরা গত ছয় মাস ধরে তদন্তে অসহযোগিতা করছেন যা আমেরিকান জনগণের স্বচ্ছতা পাওয়ার অধিকারের ওপর আঘাত। তিনি আরও উল্লেখ করেন যে, এর আগে হান্টার বাইডেনকেও একইভাবে অবমাননার মুখে পড়ে জবানবন্দি দিতে হয়েছিল, সুতরাং ক্লিনটনদের ক্ষেত্রে নিয়ম আলাদা হবে না।
উল্লেখ্য, প্রয়াত জেফরি এপস্টাইনের সঙ্গে বিল ক্লিনটনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে। যদিও বিল ক্লিনটন বরাবরই কোনো ধরনের অনৈতিক কাজে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তবে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সত্য উদঘাটনে এই জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটনে এই জবানবন্দি গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ঘটনায় মার্কিন রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্র: সিএনএন

