তোফায়েল আলম ভূঁইয়া, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
নেত্রকোনা: ১০ নভেম্বর, ২০২৫: নেত্রকোনার দুর্গাপুরে দিনের আলোয় রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকিরকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের সময় সোমেশ্বরী নদীর ঘাট এলাকার কাঠের সেতুর পাশে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির দুপুর ২টা ৪০ মিনিটের দিকে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত কাঠের সেতুর ছবি তুলছিলেন। ঠিক সেই সময়ই হঠাৎ বেশ কয়েকজন দুর্বৃত্ত চাপাতি হাতে নিয়ে তাকে লক্ষ্য করে এলোপাথারি কোপাতে থাকে।

হামলার সময় আহত সাংবাদিকের সঙ্গে ছিলেন রূপসী বাংলা টেলিভিশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শাজাহান শেখ। তিনি লুৎফুজ্জামান ফকিরকে রক্ষা করতে গেলে দুর্বৃত্তরা তাকেও কোপানোর হুমকি দেয় এবং চিৎকার করতে শোনা যায়। এ সময় আশপাশ থেকে লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা গুরুতর আহত অবস্থায় সাংবাদিক লুৎফুজ্জামানকে উদ্ধার করে দুর্গাপুর সরকারি হাসপাতালে নিয়ে যান।
উন্নত চিকিৎসার জন্য প্রেরণ
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিকা নিশ্চিত করেন যে, সাংবাদিক লুৎফুজ্জামান ফকিরের শরীরে চাপাতির একাধিক আঘাত লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের বক্তব্য: অভিযোগ পেলে ব্যবস্থা
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান newsbd24live-কে বলেন, “ঘটনাটি শোনার পরপরই দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী মনে করছেন, নদীর ঘাটের কোনো অবৈধ কার্যকলাপ বা স্থানীয় প্রভাবশালীদের অনিয়মের ছবি তোলার কারণেই এই পেশাদার সাংবাদিককে টার্গেট করে হামলা চালানো হয়েছে।
