নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ টাস্কফোর্স। গত ৫ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত চলা এই রুদ্ধশ্বাস অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ছয়জনকে আটক করা হয়েছে। অভিযানে ১৯৩ লিটার চোলাই মদ, ২ কেজি ১৯০ গ্রাম গাঁজা এবং ১৫টি নতুন ও পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ বীর, র্যাব-৯ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর অবস্থানে এলাকার মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টাস্কফোর্সের হাতে আটককৃতরা হলেন কাষ্টঘর সুইপার কলোনির মৃত গামা ও আলোর পুত্র বিশাল (২৩), জালালাবাদ থানার টিলারগাও এলাকার চুনিলাল রায় ও বিজলী রাণী রায়ের পুত্র আকাশ (২৩), কাষ্টঘর সুইপার কলোনির সুরুজলাল ও শান্তিলালের পুত্র সুব্রত (২১), একই এলাকার শুভলাল ও সবিতারাণীর পুত্র রাজা (২০) এবং মৃত দুলাল লাল ও বুটকি রাণীর পুত্র করণলাল (২২)। আটককৃত এই পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া অভিযানে আটককৃত অপর আসামী কাষ্টঘর সুইপার কলোনির বাবুলালের পুত্র ও সুরুজ লালের স্ত্রী শান্তি লাল (৪০) একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে একটি সাজা পরোয়ানাসহ মোট চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং নগরীকে মাদকমুক্ত করতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যৌথ বাহিনীর এই ভূমিকাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

