উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করাসহ ৬ দফা প্রস্তাব গৃহীত হয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার অধিবেশনে। শনিবার সকালে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এ অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অংশীজনের মধ্যে জাতীয় ঐকমত্য বজায় রাখতে কার্যকর ও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
স্বাস্থ্যসেবা খাতের সংস্কার ও নাগরিকদের সেবা নিশ্চিতের বিষয়ে প্রস্তাবে বলা হয়, চলতি বছরে স্বাস্থ্যসেবা খাতের বিপর্যয়ে হাম ও ডেঙ্গুতে শিশু থেকে বয়স্ক অনেকেই প্রাণ হারিয়েছেন। গত মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সরকারি হিসাবে নিশ্চিত হাম ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ৫২৬ জনের। নিয়ন্ত্রণযোগ্য হামের বিস্তার রোধ ও প্রতিরোধে সরকারকে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ এবং প্রান্তিক পর্যায় পর্যন্ত হামের টিকাদান নিশ্চিত করতে হবে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে প্রস্তাবে বলা হয়েছে, সরকারের অপরিকল্পিত ও অপরিণামদর্শী সিদ্ধান্তে নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ছে, ফলে প্রান্তিক ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের ভোগান্তি বেড়েছে। নাগরিকদের ক্রয়ক্ষমতা বিবেচনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার সিন্ডিকেট ভাঙতে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করতে হবে। পাশাপাশি ভর্তুকি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা বাড়াতে হবে।
জুলাই গণহত্যা ও শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চাঁদাবাজি-দখলবাজি বন্ধের বিষয়েও প্রস্তাব গৃহীত হয়। অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা না করে দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। এছাড়া গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে থাকায় ভারতের পানি আগ্রাসন রোধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাঠামোয় দলীয়করণমুক্ত সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন, বিচার বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধ এবং মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হয়।