উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাছ, হাঁস ও মুরগির দ্রুত বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের নামে খামারে নির্বিচারে ব্যবহার করা হচ্ছে অ্যান্টিবায়োটিক। রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই খাবারের সঙ্গে কিংবা সরাসরি পানিতে মিশিয়ে দেওয়া হচ্ছে এসব ওষুধ। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ফিড ব্যবসায়ীদের নির্দেশনায় চলছে এই প্রয়োগ। এতে প্রাণী ও মাছের শরীরে তৈরি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)।
খাদ্য ও পরিবেশের মাধ্যমে প্রতিরোধী জীবাণু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। ফলে একদিকে অকার্যকর হয়ে পড়তে পারে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, অন্যদিকে দূষিত হচ্ছে জলাশয় ও পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন, কোনো প্রাণী বা মাছকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত তার মাংস, ডিম বা দুধ বাজারজাত করা উচিত নয়। ওষুধের ধরন অনুযায়ী নির্ধারিত এ সময়কে বলা হয় উইথড্রয়াল পিরিয়ড বা প্রত্যাহারকাল।
আইইডিসিআরের বিশেষজ্ঞদের মতে, পোলট্রি খাতে পেনিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন, নিওমাইসিন ও বিভিন্ন ধরনের সালফোনামাইড ব্যবহার হচ্ছে। এসব ওষুধের কয়েকটি মানবচিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কলিস্টিন অন্যান্য অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেলে গুরুতর সংক্রমণের চিকিৎসায় শেষ অবলম্বন হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই এ ধরনের ওষুধের অযৌক্তিক ব্যবহার ভবিষ্যতে মানবচিকিৎসার জন্য বড় সংকট তৈরি করতে পারে।
নওগাঁর বদলগাছী উপজেলার মাছচাষি হারুন মিয়া ছয় বছর ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন। মাছের কোনো রোগ দেখা দিলে স্থানীয় ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে নিজেই পুকুরের পানিতে প্রয়োগ করেন। তিনি মোবাইল ফোনে জানান, কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই এসব ওষুধ ব্যবহার করেন। একই এলাকার মাছচাষি আনিস উদ্দিন, রায়হান মণ্ডল ও হোসেন আলীও একইভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন বলে জানান তিনি।
নওগাঁর সাপাহার উপজেলার শিমুলডাঙ্গা গ্রামের হাঁস খামারি আহসান হাবিব গত ১২ নভেম্বর ১,০০০ হাঁস নিয়ে নাটোর যান। মোবাইলে তিনি জানান, শীত শুরুর আগেই হাঁসকে রোগ থেকে রক্ষা করতে খাবারের সঙ্গে বিভিন্ন ওষুধ দেওয়া হয়। এর মধ্যে ঠান্ডা, সর্দি ও কাশির জন্য এনরোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন ও সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করেন তারা। প্রাণিসম্পদ কর্মকর্তাদের পরামর্শে এসব ওষুধ দেওয়া হয় কি না জানতে চাইলে আহসান হাবিব বলেন, তারা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান, তাই পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতেই নিজেরা এসব ওষুধ প্রয়োগ করেন।
২০২২ সালে বিজ্ঞান সাময়িকী পিএলওএস ওয়ানে প্রকাশিত বাংলাদেশের বাণিজ্যিক মুরগির খামারবিষয়ক এক গবেষণায় দেখা যায়, প্রায় ৯৮ শতাংশ খামারে উৎপাদনচক্রে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করা হয়েছে। প্রায় ৮৫ শতাংশ খামারি রোগ প্রতিরোধের উদ্দেশ্যে এসব ওষুধ প্রয়োগ করেছেন। অর্থাৎ রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা রয়েছে। গবেষণা অনুযায়ী, ব্রয়লার খামারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের হার গড়ে ৭৮ শতাংশ, সোনালি মুরগির খামারে ৬৭ শতাংশ এবং লেয়ার খামারে ৪১ শতাংশ।
বিএলআরআই এবং আইসিডিডিআরবির যৌথ গবেষণায় ব্রয়লার, সোনালি ও লেয়ার খামারে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের চিত্র উঠে এসেছে। গবেষণায় মুরগির শরীর থেকে সংগৃহীত সালমোনেলা ব্যাকটেরিয়ায় উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা শনাক্ত হয়েছে। মাছ চাষেও একই প্রবণতা দেখা গেছে, যেখানে ৭৭ শতাংশ মাছচাষি তাদের পুকুর বা ঘেরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছেন।
নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী বলেন, ডিলারদের তৈরি করা চার্ট অনুসরণ করে অনেক পোলট্রি খামারি ও মাছচাষি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। রোগ প্রতিরোধের বিকল্প ব্যবস্থায় গুরুত্ব না দিয়ে তারা অবাধে এসব ওষুধ ব্যবহার করছেন। তিনি বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে অ্যান্টিবায়োটিকের অবাধ বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রিত হলেও বাংলাদেশে এখনো যত্রতত্র এসব ওষুধ বিক্রি হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন আহম্মেদ বলেন, মাছের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহার সবচেয়ে ঝুঁকিপূর্ণ। মাছের শরীর ও পানিতে থাকা উপকারী ব্যাকটেরিয়া অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগে মারা যায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে। তিনি আরও বলেন, অধিক উৎপাদনের চেয়ে নিরাপদ উৎপাদন, নির্বিচার ব্যবহারের পরিবর্তে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক প্রয়োগ এবং সাময়িক মুনাফার চেয়ে জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার এখনই সময়।