উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে এবং একই প্রশ্নপত্রে ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে অনুষ্ঠিত হবে এবং এতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ২০২৫ সাল অথবা ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ সালের আগের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবেন না। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ হতে হবে। এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে জিপিএ ৩.৫০-এর কম থাকলে আবেদন করা যাবে না।
অনলাইনে আবেদনের ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা শুধু প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফি জমাদানের শেষ তারিখ ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট এবং ১৪ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় ১০০টি প্রশ্নের মান ১০০ এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষার নম্বর এবং এসএসসির জিপিএর ৮ গুণ ও এইচএসসির জিপিএর ১২ গুণের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে। পূর্ববর্তী বছরের এইচএসসি উত্তীর্ণদের ক্ষেত্রে ৩ নম্বর এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫ নম্বর কেটে মেধা তালিকা নির্ধারণ করা হবে।