উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শীত মৌসুমকে কেন্দ্র করে দেশের বিউটি ও পার্সোনাল কেয়ার পণ্যের বাজারে চাহিদা ও পণ্যের বৈচিত্র্য উভয়ই বৃদ্ধি পাচ্ছে। ত্বক ও চুলের পরিচর্যা থেকে শুরু করে শিশুর যত্ন এবং সাজসজ্জার বিভিন্ন সামগ্রী নিয়ে বাজারে সক্রিয় রয়েছে দেশি-বিদেশি ব্র্যান্ডগুলো। মৌসুমি চাহিদাকে সামনে রেখে প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যসম্ভার বিস্তৃত করছে এবং একই ব্র্যান্ডের অধীনে একাধিক ক্যাটাগরির পণ্য পাওয়ার প্রবণতাও বাড়ছে।
বাংলাদেশের এই বাজারে পন্ডস, লাক্স, মেরিল, প্যারাস্যুট ও তিব্বতসহ বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের পাশাপাশি নতুন ব্র্যান্ডগুলোও নিজেদের অবস্থান শক্তিশালী করছে। রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড লিলি এরই মধ্যে ৩৭টি ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে উপস্থিতি তৈরি করেছে। শীত মৌসুমে ময়েশ্চারাইজার, লোশন, ক্রিম, পেট্রোলিয়াম জেলি, লিপবাম, গ্লিসারিন এবং শিশুদের যত্নে বেবি লোশনের চাহিদা সবচেয়ে বেশি থাকে।
বাজারে পণ্যের বৈচিত্র্য বাড়ার ফলে স্কিনকেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার, বেবি কেয়ার, কালার কসমেটিকস ও বিউটি অ্যাক্সেসরিজসহ বিভিন্ন বিভাগে পণ্য বিস্তৃত হচ্ছে। লিলির তালিকায় ফেসওয়াশ, সিরাম জেল, শ্যাম্পু ও প্রসাধনীর বিশাল সমাহার রয়েছে। অন্যদিকে মেরিল, পন্ডস, প্যারাস্যুট ও তিব্বত ব্র্যান্ডের পণ্যসম্ভারেও পেট্রোলিয়াম জেলি, সাবান, কোল্ড ক্রিম ও বেবি কেয়ার পণ্য যুক্ত রয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, এই খাতের প্রতিযোগিতা এখন শুধু পরিচিত পণ্যের মধ্যে সীমাবদ্ধ নেই বরং মান ধরে রাখা ও ভোক্তার আস্থা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদদের মতে, দেশীয় ব্র্যান্ডগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি স্থানীয় শিল্পের বিকাশে বড় ভূমিকা রাখছে। দীর্ঘমেয়াদে টিকে থাকতে পণ্যের সঠিক মান, নিরাপত্তা ও মূল্যের প্রতি গুরুত্ব দিতে হবে।