উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ডিসেম্বরে হত্যার বা অ্যাসাসিনেশনের তালিকায় নিজের নাম রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একই সঙ্গে তিনি নিজের বর্তমান চরম নিরাপত্তাহীনতার কথাও জনসমক্ষে তুলে ধরেছেন। বৃহস্পতিবার সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় একটি টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
কপালে রাইফেল তাক করা একটি ব্যঙ্গচিত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কার্টুন বা স্যাটায়ারকে তিনি স্বাগত জানালেও দেশের এই অস্থির পরিস্থিতিতে এ ধরনের ছবি উগ্র প্রতিপক্ষকে সহিংসতায় উসকে দিতে পারে। কার্টুনটিকে হত্যার ইঙ্গিত হিসেবে দেখার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, ডিসেম্বরে ওসমান হাদি কে হবে—এমন একটি হত্যার তালিকায় তার নাম রয়েছে।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, দেশ ও বিদেশের আওয়ামী সার্কেলে এই কার্টুনটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং তারা এটি নিয়ে উল্লাস করছে। সৃজনশীলতা যখন প্রতিপক্ষ গোষ্ঠীকে উৎসাহিত করে, তখন তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ থেকে প্রতিনিয়ত হত্যার হুমকি পাচ্ছেন এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, গণহত্যা, নির্বাচন ও সংবিধান ধ্বংসের জন্য দলটিকে আগে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তবে লুটপাট বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এমন সাধারণ ও পদবিহীন সমর্থকদের সামাজিকভাবে আলাদা করে মূলধারায় রাখার পক্ষে মত দেন তিনি।