উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন। আগামী শনিবার ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিচালনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে বুধবার ২৫ নভেম্বর বিকেল ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
নির্বাচনে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ৬০ হাজার ৪৮২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতের অধীনে সর্বোচ্চ ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন। এছাড়া কমলগঞ্জে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ৮ হাজার ৬৫৬ জন এবং জুড়ীতে ৭ হাজার ৮৪৯ জন ভোটার রয়েছেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রার্থী, ভোটার, বাগান কর্তৃপক্ষ, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।