উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হলিউড অভিনেত্রী অ্যানিয়া টেইলর-জয় লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১৫তম বার্ষিক ‘ল্যাকমা আর্ট+ফিল্ম গালা’র লাল গালিচায় এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন। তিনি যে পোশাক পরেছিলেন তা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ২৯ বছর আগে, ১৯৯৭ সালে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, পোশাকটি কোনো রেড কার্পেটের পার্টি গাউন ছিল না; বরং তা তৈরি করা হয়েছিল কোনো কনের বিয়ের বিশেষ দিনটি মাথায় রেখে।
ফ্যাশন দুনিয়ার কিংবদন্তি ব্র্যান্ড পিয়েরে কার্ডিনের আর্কাইভ থেকে সংগৃহীত এই গাউন দেখতে যেমন অভিজাত, তেমনি এর নকশায় রয়েছে ফিউচারিস্টিক ছোঁয়া। এটি মূলত একটি স্লিপ-স্টাইল গাউন, যার ওপর রয়েছে স্বচ্ছ এক রুপালি আস্তরণ এবং আকর্ষণীয় ফুলেল প্রিন্ট। পোশাকে থাকা সরু রুপালি ধাতব স্ট্র্যাপ ও ক্রিস্টালের কাজ এর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
২০১৯ সালে ‘পিয়েরে কার্ডিন: ফিউচার ফ্যাশন’ শীর্ষক এক বিশেষ প্রদর্শনীতে ভবিষ্যৎ ফ্যাশনের নিদর্শন হিসেবে এই পোশাক রাখা হয়েছিল ব্রুকলিন মিউজিয়ামে। সেই সংগ্রহশালা থেকেই পোশাকটিকে জীবন্ত করে তুলে রেড কার্পেটে নিয়ে এলেন অ্যানিয়া টেইলর-জয়। ঐতিহাসিক এই পোশাকের সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন টিফানি অ্যান্ড কোংয়ের রাজকীয় সব গয়না।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অব আর্টের এই জমকালো আয়োজনের ১৫তম আসরে সহ-সভাপতিত্বের দায়িত্বে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ইভা চাউ। ২৯ বছরের পুরনো একটি বিয়ের পোশাককে আধুনিক রূপ দিয়ে অ্যানিয়া টেইলর-জয় ফ্যাশন সমালোচকদের বাহবা কুড়িয়েছেন। সূত্র: ডব্লিউডব্লিউডি।