উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান এবং প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি করেন। সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিনই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যা বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা।
বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনে দাবি করা হয়েছে মন্তব্য চাওয়া হলেও ডা. শফিকুর রহমান সাড়া দেননি, যা সম্পূর্ণ অসত্য ও সাংবাদিকতার মৌলিক নীতির লঙ্ঘন। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিতর্কিত পোস্টটি ডা. শফিকুর রহমান লেখেননি বরং তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রমাণ জমা দেওয়া হয়েছে এবং একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অথচ এসব তথ্য উপেক্ষা করে প্রতিবেদনে তাকে নারীবিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়েছে।
ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান নেওয়া বিশ্বের অসংখ্য সরকার ও জনগণের অবস্থানেরই প্রতিফলন বলে উল্লেখ করা হয়। ডা. শফিকুর রহমানের পক্ষে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি একটি আনুষ্ঠানিক ‘কনসার্নস নোটিশ’ পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার Defamation Act 2005 (NSW)-এর ১২এ ধারা অনুযায়ী প্রকাশক Nationwide News Pty Ltd-এর কাছে পাঠানো নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জামায়াতে ইসলামী সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করলেও সেই স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয় বলে জানানো হয়। দলটি অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার, ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ এবং প্রকাশ্যে সংশোধনী দিয়ে ক্ষমা প্রার্থনা করার দাবি জানিয়েছে। অন্যথায় সব ধরনের আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।