উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবে আকামা সংকটে থাকা লাখ লাখ প্রবাসী বাংলাদেশি দালালদের হাতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। বৈধ কাগজপত্র না থাকা বা আকামার মেয়াদোত্তীর্ণ হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। এই আইনি জটিলতাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ দালালচক্র।
ফেনীর সোনাগাজীর বাসিন্দা সোহেল ফ্রি ভিসায় সৌদি গিয়ে কফিলের কাজ পাননি, উল্টো কফিল ৫০০ রিয়াল দাবি করেন। পরে দালালের মাধ্যমে চায়নিজ কোম্পানিতে রাজমিস্ত্রির কাজ নিলেও মজুরির বড় অংশ কেটে রাখা হয়। পাঁচ মাস কাজ করিয়ে নামমাত্র টাকা দিয়ে মানিক ও নিরব নামের দুই দালাল তাদের পুলিশে দেওয়ার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
বায়রার সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম জানান, সময়মতো ভিসা নবায়ন না হওয়ায় লাখ লাখ প্রবাসী আকামাহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। অনানুষ্ঠানিক হিসাবে সৌদি আরবের ৩০ থেকে ৩৮ লাখ বাংলাদেশির মধ্যে ১০ থেকে ১২ লাখের বৈধ আকামা নেই। এছাড়া বিভিন্ন আইনি জটিলতায় প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি সৌদি কারাগারে বন্দি রয়েছেন।
দেশ থেকেই মূলত এই সংকটের শুরু হয়, যেখানে একশ্রেণির অসাধু রিক্রুটিং এজেন্সি ফ্রি ভিসার প্রলোভন দেখায়। সৌদি পৌঁছানোর পর নির্দিষ্ট কফিল কাজ না দেওয়ায় এবং আকামা নবায়নের অর্থ জোগাড় করতে না পেরে প্রবাসীরা অবৈধ হয়ে পড়েন। এই আতঙ্ককে কাজে লাগিয়ে দালালচক্র নতুন কফিলের অধীনে ট্রান্সফার বা হুরুব কাটানোর মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেয়।
বৈধ কাগজপত্র না থাকায় প্রবাসীরা লুকিয়ে কম মজুরিতে কাজ করতে বাধ্য হন এবং স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত থাকেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মূল কফিল আকামা নবায়ন না করলে কর্মীরা যেন সহজে অন্য নিয়োগকর্তার অধীনে স্থানান্তর হতে পারেন, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সুযোগ তৈরি করেছে। এছাড়া ছুটিতে আটকে পড়া প্রবাসীদের জন্যও বিশেষ ছাড় দেওয়া হয়েছে।