উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রথমবারের মতো টানা ছয় দিন ধরে বিশ্বের গড় তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঁচুতে রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার দৈনিক বৈশ্বিক ভূপৃষ্ঠের তাপমাত্রা পৌঁছেছে রেকর্ড ২ দশমিক ২৪ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে দীর্ঘদিন ধরে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে অস্বাভাবিক শক্তিশালী এল নিনো। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিষেবার জলবায়ু কৌশল বিভাগের প্রধান সামান্থা বার্জেস জানান, বিশ্বের তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধি একটি ব্যতিক্রমী ঘটনা। এর আগে ২০২৩ সালের নভেম্বর ও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাত্র দুবার দৈনিক বৈশ্বিক তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়েছিল। তবে ওই দুই সময় তাপমাত্রা এত দীর্ঘস্থায়ী হয়নি, এমনকি এত উচ্চতাতেও পৌঁছায়নি। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের হ্যাডলি কেন্দ্রের জলবায়ু প্রভাব গবেষণা বিভাগের প্রধান রিচার্ড বেটস বলেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড জমা হচ্ছে। চলতি বছর থেকে আগামী বছর বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ প্রতি ১০ লাখ বায়ু কণায় প্রায় ৩ দশমিক ৫ কণা বাড়বে। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এই বৃদ্ধি এক-তৃতীয়াংশ বেশি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বিশ্ব উষ্ণায়নের গতি আরও বাড়ছে এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে আবহাওয়াজনিত দুর্যোগ আরও ভয়াবহ হয়ে উঠছে। চলতি বছরের রেকর্ড গরমে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং যুক্তরাজ্যে মারা গেছেন ৫ হাজার মানুষ।