উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই বাইসাইকেলের মান যাচাই করতে নিজে চালিয়ে তা পরীক্ষা করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েকটি বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়েছিল, যা তিনি নিজে চালিয়ে দেখেন।
এই উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা এই পুরস্কার পাবে। মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়াতে এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।