উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে এসব দেশের বিরুদ্ধে তদন্তের ফল প্রকাশের পর দেশভেদে বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ওয়াশিংটন। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার মাজেরাস বলেন, যেসব দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ হারে শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগে পৃথক তদন্তের আওতায় আগে থেকেই আরোপ করা ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন এই শুল্ক যুক্ত হতে পারে।
অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের এই তদন্তের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নও রয়েছে এই তালিকায়। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহের মধ্যেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে।
গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, তা নিয়েও পৃথক তদন্ত শুরু করে সংস্থাটি। এই দুই তদন্তের মাধ্যমে ট্রাম্পের লিবারেশন ডে উপলক্ষে বিশ্বজুড়ে আরোপ করা শুল্ক পুনর্বহাল করতে চায় প্রশাসন।