উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে নোঙর করা অবস্থায় বালু ও পাথরবাহী একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার সাচনা বাজার মাছহাট-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকেরা হলেন উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের মারুফ আহমদ (১৯) ও মো. মুবাশ্বির আলম (২৫)। নৌকায় থাকা ছয় শ্রমিকের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মারুফ ও মুবাশ্বির নৌকা থেকে বের হতে পারেননি।
জানা গেছে, তাহিরপুরের ফাজিলপুর থেকে বালু-পাথর নিয়ে নৌকাটি সাচনা বাজারে নোঙর করেছিল। রাতে শ্রমিকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় ছিদ্র দিয়ে পানি ঢুকে নৌকাটি ডুবে যেতে শুরু করে। উদ্ধার পাওয়া চার শ্রমিকের মধ্যে মো. মুস্তাকিম ও মো. সুমন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ বিজয় সিংহ জানান, খবর পাওয়ার পর থেকে উদ্ধার অভিযান চলছে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান, নিখোঁজদের সন্ধানে সিলেট থেকে ডুবুরি দল আসছে এবং নৌপুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।