উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ ও গণমিছিলে জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও সংসদ সদস্য সাঈদ আল নোমান নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রত্যাখ্যাত ও বিতাড়িত কোনো পলাতক শক্তিকে অপ্রয়োজনীয় গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম-১০ নির্বাচনী আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নগরীর লালখান বাজার মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়, যা ২ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্যে তিনি রাজনীতির মূল লক্ষ্য হিসেবে জনসেবাকে তুলে ধরেন।
সাঈদ আল নোমান বলেন, রাজনীতি আমাদের কাছে উন্নয়ন ও ইবাদতের মতো। আমরা জনগণের পাশে থাকলে ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিতে পারবে না। দল-মত নির্বিশেষে সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, দেশ ও মাটিই আমাদের কাছে মুখ্য, কোনো পলাতক শক্তি নয়।
এলাকায় এলাকায় ফ্যাসিস্টদের রাজনীতির মাধ্যমে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তিনি অভিযোগ করেন, পলাতক শক্তি শিশুদের হাতে বইয়ের বদলে ককটেল ও বোমা তুলে দিয়ে তাদের জীবন ধ্বংস করছে। এই জালিমের রাজনীতিকে মানবতার মাধ্যমে ধ্বংস করতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, এম এ সবুর, সৈয়দ আজম উদ্দিন এবং শফিকুর রহমান স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী বেলাল উদ্দিন।