উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মার্কিন কোম্পানিগুলোর ক্ষতি করার অভিযোগে ভারতসহ ডজনখানেক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এসব দেশ নিজেদের শিল্প উৎপাদনে অন্যায্য সরকারি সহায়তা দিচ্ছে বলে ওয়াশিংটনের দাবি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রস্তাবিত এই নতুন শুল্কের তালিকায় ভারত ছাড়াও রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত তদন্তের চূড়ান্ত ফল প্রকাশ করতে পারেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার। এর আগে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীন গত ১১ মার্চ ভারত ও চীনসহ ১৬টি অর্থনীতির দেশের বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়েছিল।
জেমিসন গ্রিয়ার জানান, সরকারি ভর্তুকির কারণে সংশ্লিষ্ট দেশগুলোতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। ফলে তারা কম দামে বিশ্ববাজারে পণ্য ছেড়ে দিচ্ছে, যা মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো যেসব পণ্যে আগেই জাতীয় নিরাপত্তার আওতায় শুল্ক রয়েছে, সেগুলো নতুন তালিকার বাইরে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চূড়ান্ত শুল্কের হার এখনো নির্ধারিত না হলেও কর্মকর্তারা ২০২৫ সালের মতো হার চান, যা চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির সুপ্রিম কোর্ট বাতিল করেছিলেন। এছাড়া গত জুলাইয়ে বাধ্যতামূলক শ্রম ব্যবহারের অভিযোগে তদন্ত শেষে ১৬টি দেশের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছিল ইউএসটিআর, যার সঙ্গে নতুন শুল্ক যুক্ত হতে পারে।
এদিকে ভারত ও যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর চেয়ে মার্কিন বাজারে নিজেদের পণ্যের জন্য কম শুল্কসুবিধা চাইছে নয়াদিল্লি।