উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই নিন্দা জানান।
নাহিদ ইসলাম দাবি করেন, শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। এসব হামলার সময় হামলাকারীদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। তিনি এসব হামলার জন্য আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেন।
এনসিপি আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ থাকলেও দলটির কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এমনকি ভারতের মাটি থেকেও এসব তৎপরতা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে নাহিদ বলেন, গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বারবার অগ্নিসংযোগের ঘটনা বন্ধ এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটি অধ্যাপক ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং ১০ শতাংশের মালিক সরকার। মূলত ড. ইউনূসের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
ফেসবুক পোস্টে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনের বরাত দিয়ে নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো স্বীকার করার আহ্বান জানান।